রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

অভয়নগরে ওয়ান শুটারগান-গুলিসহ চিহ্নিত ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

ডিবির অভিযানে অস্ত্র উদ্ধার, জব্দ করা হয়েছে তিনটি মোটরসাইকেল; গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র মামলা।

যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ চিহ্নিত তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২২ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগমারা গ্রামের হালিমের মোড়ের উত্তর পাশে জসিমের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালায় ডিবির একটি দল।

ডিবি যশোরের এসআই (নিঃ) মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আল আমিন শেখ (২৮) ও মো. বিল্লাল খাঁ (৩৬) কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আল আমিন শেখের দেহ তল্লাশি করে তাঁর পরিহিত জিন্সের প্যান্টের পেছনের কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। একই সময় তাঁর প্যান্টের পেছনের বাম পকেট থেকে দুই রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে বিধি মোতাবেক তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জুয়েল গাজী (৩০) কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আল আমিন শেখ অভয়নগরের ধোপাদি মধ্যেপাড়া এলাকার বাবু শেখের ছেলে, মো. বিল্লাল খাঁ বুইকরা এলাকার মো. নেছার আলী খাঁর ছেলে এবং মো. জুয়েল গাজী ধোপাদি এলাকার মো. মোক্তার গাজীর ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনই অভয়নগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। এ ঘটনায় উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে অভয়নগর থানায় একটি অস্ত্র মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী

একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড তাজা গুলি, তিনটি মোটরসাইকেল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর