বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

যারা ধানের শীষে ভোট দেননি, তারা এখন আফসোস করছেন: এমপি আরিফা সুলতানা রুমা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, যারা পাবনা-৩ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেননি, তারা এখন আফসোস করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করেছেন। ধর্মীয় নেতাদের সম্মান করা, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননের মাধ্যমে কৃষি উন্নয়নসহ ২০ কোটি মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার (২৬ মে) দিনব্যাপী পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি রুমা আরও বলেন
“তারেক রহমানের হাতকে শক্তিশালী করলে সবাই ভালো থাকবেন। এতদিনের মতো আর কোনো ভুল যেন না হয়। আমার ফোন ২৪ ঘণ্টা খোলা। যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। সুখের দিনে না পারলেও দুঃখের দিনে আমি আপনাদের পাশে থাকবো।”
তিনি জানান, তারেক রহমান দলের নেতা-কর্মীদের জন্য ঈদ সেলামি পাঠিয়েছেন। যত ছোটই হোক, তা গ্রহণ করে নেতাকে সম্মানিত করার আহ্বান জানান তিনি।
উপজেলায় উপজেলায় অনুষ্ঠান
চাটমোহর উপজেলা
সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক।
ভাঙ্গুড়া উপজেলা
বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক।
এসময় অসুস্থ ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল খালেকের হাতে তারেক রহমানের ঈদ সেলামি তুলে দেন এমপি রুমা এবং তার চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন।
ফরিদপুর উপজেলা
সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম বকু।
অনুষ্ঠানগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর