বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে চাটমোহরে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

মো. রাজীব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঘোষিত অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন কর্মসূচি নিয়ে পাবনার চাটমোহরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে পাবনা জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।
গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ যানবাহন সেবা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ নানা উদ্যোগ।
প্রেস ব্রিফিংয়ে পাবনা জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম এসব কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সমন্বিত ডিজিটাল ডাটাবেইজ তৈরির মাধ্যমে নাগরিক সেবা সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসন, প্রতিবন্ধী, হিজড়া ও বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া কৃষকদের সহায়তায় কৃষি ঋণ মওকুফ ও পরিবেশ সুরক্ষায় ব্যাপক বনায়ন কর্মসূচিও সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগের অংশ।
তিনি সরকারি সেবাসমূহ সম্পর্কে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাছের চৌধুরী তার সভাপতির বক্তব্যে বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক সেবার তথ্য সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সরকারের ইতিবাচক কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। এছাড়া তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা।
এ সময় উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন ও জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর