নওগাঁর রাণীনগরে শনিবার রাতে পুলিশী অভিযানে নাশকতা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান (৪৫) ও ছাত্রলীগের কাশিমপুর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি সাগর হোসেন (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় ২৬ আগষ্ট রাণীনগর থানায় নাশকতা মামলা দায়ের হয়। ওই মামলায় জিল্লুর রহমান ও সাগর হোসেন তদন্তপ্রাপ্ত আসামি। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।