পাবনা জেলার বিশিষ্ট কবি ও গীতিকার, শিক্ষানুরাগী, সমাজসেবক এবং পল্লী চিকিৎসক ডা. আব্দুল হালিম মাস্টারের ৬৮তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও ফাতেহা পাঠের আয়োজন করা হয়েছে।
# জন্ম ও শৈশব#
ডা. মো. আব্দুল হালিম মাস্টার ১৯৫৮ সালের ১২ নভেম্বর পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ফলিয়া গ্রামের ঐতিহ্যবাহী সরদার বাড়িতে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতা মরহুম ডা. আহাম্মদ আলী সরদার এবং মাতা বেগম খোদেজা আহাম্মদ।
শৈশব, কৈশোর ও জীবনের প্রথম অধ্যায় তাঁর কেটেছে চরম দারিদ্র্য ও প্রতিকূলতার মধ্য দিয়ে। পিতার দুই সংসারে ২৮ সন্তানের মধ্যে তিনি ছিলেন অন্যতম সন্তান। দুরন্ত, ডানপিটে ও অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক অনটনের কারণে তাঁর শিক্ষাজীবন শুরু হয় অনেক বিলম্বে। মাত্র ১৮ বছর বয়সে তিনি প্রথম বিদ্যালয়ে গিয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। পেটভাতা থেকে শুরু করে মাত্র আট আনা মাসিক বেতনে তাঁর শৈশব-কৈশোর অতিবাহিত হয়।
অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও শিক্ষার প্রতি গভীর আগ্রহ তাঁকে জীবনের প্রতিকূলতা অতিক্রম করতে সহায়তা করে। তিনি ফৈলজানা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পাবনা ইসলামিয়া কলেজ থেকে আইএসসি পাস করেন। পরবর্তী সময়ে শিক্ষকতা পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
# শিক্ষা ও পেশাগত জীবন #
ডা. আব্দুল হালিম মাস্টার ছিলেন হিড়িন্দা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক। তিনি দীর্ঘ ১৭ বছর বিনা বেতনে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাঁর এই আত্মত্যাগ ও অবদান স্থানীয় শিক্ষাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
এ ছাড়া তিনি হিড়িন্দা হাট-বাজারের প্রতিষ্ঠাতা ও অন্যতম উদ্যোক্তা ছিলেন। তিনি সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত রেজিস্টার্ড পল্লী চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
# সমাজসেবা ও মানবকল্যাণে অবদান #
মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ। মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ‘বেগম খোদেজা আহাম্মদ দাতব্য চিকিৎসালয়’, হিড়িন্দা বাজার, ফৈলজানা, চাটমোহর, পাবনা।
এ ছাড়া তিনি মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরি, হিড়িন্দা বাজারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর উদ্যোগ ও কর্মপ্রচেষ্টা স্থানীয় মানুষের মধ্যে শিক্ষা, সাহিত্য ও সামাজিক সচেতনতা বিকাশে ভূমিকা রেখেছে।
# সাহিত্যচর্চা ও প্রকাশিত গ্রন্থ #
সাহিত্যাঙ্গনেও ডা. আব্দুল হালিম মাস্টারের ছিল উল্লেখযোগ্য পদচারণা। কবিতা ও গীতিকার হিসেবে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাহিত্যপ্রেমীদের কাছে পরিচিতি অর্জন করেন।
তাঁর প্রকাশিত একক কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে— ১. স্মৃতির পাতা। ২. স্মৃতির পাতা-২।
এ ছাড়া শতাধিক যৌথ কাব্যগ্রন্থে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর কবিতা, কলাম ও অন্যান্য সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছে।
সাহিত্য ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পাঁচটি সম্মাননা পদক এবং ৪২টি সম্মাননা সনদ অর্জন করেন।
# সাংগঠনিক কর্মকাণ্ড #
সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি প্রজন্ম বিতর্ক সংসদ এবং স্বাধীন বাংলা বেতার শ্রোতা সংসদ, হিড়িন্দা বাজার, চাটমোহর, পাবনার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবন ও সাহিত্যচর্চার সুবাদে চাটমোহরসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে তাঁর পরিচিতি ছিল ব্যাপক। পাশাপাশি গাজীপুর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকাতেও তিনি ‘কবি সাহেব’ নামে সুপরিচিত ছিলেন।
# ব্যক্তিগত জীবন ও প্রয়াণ #
ব্যক্তিগত জীবনে ডা. আব্দুল হালিম মাস্টার দুই ছেলে ও তিন মেয়েসহ পাঁচ সন্তানের জনক ছিলেন।
২০২২ সালের ৩১ ডিসেম্বর শনিবার পাবনা জেলার বিশিষ্ট কবি ও গীতিকার, পাবনা জেলা জজ কোর্টের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী, পাবনা শহীদ আমিন উদ্দিন আইন কলেজের অধ্যক্ষ এবং কবি আজিজুল হক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি অ্যাডভোকেট আজিজুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সাহিত্য অনুষ্ঠানে যোগ দিতে তিনি উপস্থিত হন।
অনুষ্ঠানে ‘স্বর্ণপদক’ গ্রহণের উদ্দেশ্যে অংশগ্রহণ করেন তিনি। আলোচনা সভা ও প্রীতিভোজ শেষে পদক গ্রহণের ঠিক আগমুহূর্তে বিকেল ৩টা ৩০ মিনিটে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, সাহিত্যপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
২০২৩ সালের ১ জানুয়ারি সকাল ১০টা ৫০ মিনিটে হাজারো আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, পাঠক ও ভক্তের উপস্থিতিতে তাঁকে শেষ বিদায় জানানো হয়।
# জন্মবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়ার আয়োজন #
প্রয়াত এই কবির ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফাতেহা শরিফ পাঠ ও দোয়ার আয়োজন করেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ।
তিনি পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য, কবি, কলামিস্ট, গীতিকার, সাংবাদিক, পরিবেশ ও মানবাধিকারকর্মী এবং দৈনিক বাংলার কথার সম্পাদক।
এ সময় তিনি তাঁর জন্মদাতা পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখে কবি ডা. আব্দুল হালিম মাস্টারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হবে।
জীবনের দীর্ঘ পথচলায় দারিদ্র্য, প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতাকে জয় করে শিক্ষা, সাহিত্য, চিকিৎসাসেবা ও সমাজকল্যাণে অবদান রাখা এই মানুষটি আজ আর আমাদের মাঝে নেই। তবে তাঁর সাহিত্যকর্ম, শিক্ষার প্রতি অনুরাগ এবং মানবকল্যাণমূলক উদ্যোগের মধ্য দিয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।