সংগঠন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন দিনমজুর শম্ভু কর্মকার। অর্থাভাবে নিজের একটি মাথার ওপর শক্ত ছাদ তৈরির সামর্থ্য ছিল না তাঁর। এই মানবিক বিষয়টি নজরে এলে ‘সেবাঘর’-এর নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় শম্ভুর জন্য একটি নতুন ও নিরাপদ ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) দৌলতপুর উপজেলা সদরে আনুষ্ঠানিকভাবে শম্ভু কর্মকারের হাতে নবনির্মিত ঘরটির চাবি তুলে দেবেন ‘সেবাঘর’-এর জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যগণ উপস্থিত থাকবেন।
এ বিষয়ে ‘সেবাঘর’-এর পরিচালনা কমিটির সদস্য সচিব এ কে আজাদ জানান, “অসহায় ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। শম্ভু কর্মকারের মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গতবছর আমরা প্রায় দেড়লক্ষ টাকা খরচ করে কলনি পাড়ার মান্নু ভাইয়ের মেয়ের বিয়ে দিয়েছিলাম। এবং প্রতিনিয়ত অসুস্থ চিকিৎসাধীন মানুষদের আমরা আর্থিক সহযোগিতা করে থাকি এবং রক্ত সংগ্রহ করে দেই। এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
ঘর উপহার পেয়ে আবেগাপ্লুত শম্ভু কর্মকার বলেন, “বৃষ্টির দিনে চাল দিয়ে পানি পড়ত, রাতে ঠিকমতো ঘুমাতেও পারতাম না। ‘সেবাঘর’ আমার যে উপকার করল, তা আমি কোনোদিন ভুলব না। ভগবান তাদের মঙ্গল করুন।