মানিকগঞ্জের দৌলতপুরে মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত এক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ ৫ জন গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনরত অবস্থায় আরও তিনজনকে আটক করা হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে আটককৃত তিন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।এছাড়া, অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ জন আগে থেকেই একটি মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত ১ জন, মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ৩ জন এবং আগের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৫ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।