নিজে কাঁদলেন সবাইকে কাঁদিয়ে দীর্ঘ কর্মজীবনের পর অবসরে গেলেন পাবনার আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান ও সহকারী অধ্যাপক আব্দুল হক। তাঁদের অবসর জনিত বিদায় উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) কলেজে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেবোত্তর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম, আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আজাহার আলী।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, অধ্যক্ষ সাইদুর রহমান ও সহকারী অধ্যাপক আব্দুল হক নিষ্ঠা, সততা ও দায়িত্ব শীলতার সঙ্গে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তাঁদের অবদান দেবোত্তর ডিগ্রি কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অবসর জীবনে তাঁরা সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ জীবনযাপন করুন এটাই আমাদের প্রত্যাশা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম বলেন, শিক্ষকদের অবদান কখনো অবসর নেওয়ার সঙ্গে শেষ হয় না। তাঁরা প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে যান। বিদায়ী দুই শিক্ষক তাঁদের কর্মের মাধ্যমে শিক্ষাঙ্গনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সহকারী অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, সাইদুর রহমান ও আব্দুল হক ছিলেন আমাদের অভিভাবকতুল্য সহকর্মী। তাঁদের অভিজ্ঞতা, পরামর্শ ও আন্তরিকতা কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সবসময় পথ দেখিয়েছে। তাঁদের শূন্যতা পূরণ করা কঠিন হবে। আমরা তাঁদের অবসর জীবন সুখী ও সমৃদ্ধ হোক এই কামনা করি।
অধ্যক্ষ সাইদুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তা কখনো ভুলব না। দেবোত্তর ডিগ্রি কলেজের সঙ্গে আমার সম্পর্ক আজীবন অটুট থাকবে। কলেজের সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।
সহকারী অধ্যাপক আব্দুল হক বলেন, এই কলেজে দায়িত্ব পালনকালে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে সবসময় আন্তরিক সহযোগিতা পেয়েছি। কর্মজীবনের স্মৃতিগুলো আমার কাছে অমূল্য। কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা।
অনুষ্ঠানে অধ্যক্ষ সাইদুর রহমানের মানপত্র পাঠ করেন আব্দুল মজিদ নাদিম। সহকারী অধ্যাপক আব্দুল হকের মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান।
পরে অধ্যক্ষ সাইদুর রহমানকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ কর্মজীবনে অধ্যক্ষ সাইদুর রহমান ও সহকারী অধ্যাপক আব্দুল হক শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের অবসর কর্মজীবনের সমাপ্তি হলেও শিক্ষাঙ্গনে তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
সহকারী অধ্যাপক আব্দুল হকের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম। অধ্যক্ষকে উত্তরীয় পরিয়ে দেন উপাধ্যক্ষ রফিকুল ইসলাম। সহকারী অধ্যাপক আব্দুল হককে উত্তরীয় পরিয়ে দেন আতাউর রহমান রানা ও মনোয়ার হোসেন আলম।
এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগ, কমিটি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আবুল লতিফ, অর্থনীতি বিভাগের পক্ষ থেকে এ কে এম মোস্তাফিজুর রহমান ও কামরুজ্জামান, কমিটির পক্ষ থেকে রবিউল ইসলাম রবিসহ অনুষ্ঠানে দেবোত্তর ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক নীহার আফরোজ।