জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা শিল্পকলা একাডেমির নেতৃবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, নৃত্য ও অভিনয় প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ৫৮জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। অতিথিরা বক্তব্যে বলেন, নজরুল শুধু একজন কবি নন; তিনি অন্যায়, শোষন ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতিক। নতুন প্রজম্মের মাঝে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ,অসাম্প্রদায়িক ও প্রতিবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।