ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার চাপাতি গ্রামে পানির পাম্প চুরি করার সময় দেখে ফেলায় চোরের লাঠির আঘাতে বিন্দুমতি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রুহিয়া ৩ নং রাজাগাঁও ইউনিয়নের চাপাতি দুর্গা মন্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিন্দুমতি ওই গ্রামের মৃত অনিল সরকারের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মৃত অনিল সরকারের ছোট ছেলে রঞ্জন সরকার (৩২) এর বাড়িতে পানির পাম্প চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় বৃদ্ধা বিন্দুমতি শৌচাগারে যাওয়ার পথে চোরদের দেখে ফেলেন। ধরা পড়ার ভয়ে চোরেরা বৃদ্ধার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যান এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে রাত ১২টার দিকে রঞ্জন সরকার স্থানীয় বৈরাগী হাটে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। রাতে তার স্ত্রী দীপালী রানী পানি আনতে গেলে শৌচাগারের গলিতে শাশুড়িকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা বিন্দুমতির মাথায় জমাট বাঁধা রক্ত দেখতে পান এবং বুঝতে পারেন তিনি মারা গেছেন। এ সময় চোরেরা নিহতের তিন ছেলে গোলাপ সরকার, মিলার সরকার ও রঞ্জন সরকারের বসতবাড়ির পানির পাম্পটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী জানান, চোরের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।