মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি ভরাটের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অপরাধের সত্যতা পাওয়ায় এক ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরমাস্তুল হাই স্কুল সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, চরমাস্তুল হাই স্কুলের নিকটবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি ভরাটের কাজ চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল সেখানে হঠাৎ অভিযান চালায়।
অভিযানকালে অবৈধ উপায়ে মাটি ভরাটের বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় ড্রেজার মালিক মিজানুর রহমান জুমনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি তাৎক্ষণিকভাবে ড্রেজারের পাইপ ও অন্যান্য সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস জানান, “অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু বা মাটি উত্তোলনের ফলে পরিবেশ ও স্থানীয় অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়। জনস্বার্থে এবং নদী ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু-মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।