পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ভুট্টাবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালক তোরাব আলী (৬০) নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানের এক নারী যাত্রীসহ ট্রলির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
নাটোরের হয়বতপুর এলাকা থেকে ভুট্টাবোঝাই ট্রলিটি চাটমোহরের দিকে যাচ্ছিল। একই সময় এক নারী যাত্রীকে নিয়ে অটোভ্যান চালিয়ে ধরইল ব্রিজের দিকে যাচ্ছিলেন তোরাব আলী। ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তোরাব আলীর বাম হাত ভেঙে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। ট্রলিতে থাকা চালক ও হেলপার ভুট্টার বস্তার নিচে চাপা পড়ে আহত হন। নিহত তোরাব আলী ধরইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোরাব আলীকে মৃত ঘোষণা করেন।