সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

রুহিয়ায় পল্লী চিকিৎসকের ব্যতিক্রমী উদ্ভাবন, মোবিলে জ্বলছে চুলা

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

ইউটিউব দেখে পুরাতন বা পোড়া মোবিল ব্যবহার করে ব্যতিক্রমী চুলা তৈরি করেছেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার রামনাথ হাটের পল্লী চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক আলহাজ ইব্রাহিম জামান। স্থানীয় একটি ওয়ার্কশপে তৈরি করা এই চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাড়ি ও মেশিনের ফেলে দেওয়া পুরাতন মোবিল। নতুন ধরনের এই চুলা দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
জানা গেছে, রামনাথ হাটের একটি ওয়ার্কশপে প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে চুলাটি তৈরি করা হয়েছে। এতে একটি ব্লোয়ার ফ্যানের মাধ্যমে বাতাসের চাপ দিয়ে পুরাতন মোবিল জ্বালানো হয়। ইব্রাহিম জামানের দাবি, এক লিটার পুরাতন মোবিল দিয়ে প্রায় দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত চুলা জ্বালানো সম্ভব।
ইব্রাহিম জামান বলেন, ইউটিউবে দেখেছি পুরাতন মোবিল দিয়ে চুলা জ্বালানো হচ্ছে। বিষয়টি দেখে আমারও এমন একটি চুলা তৈরির ইচ্ছা হয়। পরে রামনাথ হাটের একটি ওয়ার্কশপে চুলাটি তৈরি করি। এটি তৈরি করতে আমার প্রায় ৩ হাজার ৫০০ টাকা খরচ হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে বাজারে এক মণ খড়ির দাম প্রায় ২০০ থেকে ৩০০ টাকা। সেখানে পুরাতন মোবিল ব্যবহার করে তুলনামূলক কম খরচে রান্না করা সম্ভব বলে মনে হচ্ছে। তাই সাধারণ মানুষের মধ্যেও এ ধরনের চুলা নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে।
জানা যায়, এ ধরনের চুলায় পুরাতন মোবিল নির্দিষ্ট পদ্ধতিতে সরবরাহ করে ব্লোয়ারের বাতাসের সাহায্যে দহন করা হয়। তবে পুরাতন মোবিল পোড়ানোর সময় ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস তৈরি হতে পারে। তাই এ ধরনের চুলা ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত বায়ু চলাচল, নিরাপদ নির্মাণ ও অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
রামনাথ হাটে তৈরি এই ব্যতিক্রমী মোবিলের চুলাটি দেখতে প্রতিদিনই স্থানীয় মানুষ ভিড় করছেন। অনেকেই বলছেন, নিরাপদভাবে ব্যবহার করা সম্ভব হলে ফেলে দেওয়া পুরাতন মোবিলকে বিকল্প জ্বালানি হিসেবে কাজে লাগানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর