রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে শামসুল আলম সভাপতি, ইউসুফ আহমেদ সাধারণ সম্পাদক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাঙ্গুড়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) হাজী জামাল উদ্দিন সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এ কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে ৪৬৯ জন ভোটারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের পর তিনটি গুরুত্বপূর্ণ পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন। মোঃ শামসুল আলম আনারস প্রতীকে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ আবেদ আলী মেম্বার ঘোড়া প্রতীকে পান ২২৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোঃ ইউসুফ আহমেদ মোরগ প্রতীকে ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ হেলাল উদ্দিন ফুটবল প্রতীকে পান ২০৮ ভোট।

অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ আব্দুস সালাম মই প্রতীকে ১৬৩ ভোট, মোঃ আব্দুল বারী নাম প্রতীকে ২১৩ ভোট এবং মোঃ রফিকুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৭০ ভোট পান। সর্বোচ্চ ভোট পেয়ে মোঃ আব্দুল বারী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব জাফর ইকবাল হিরো, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কাউন্সিলকে ঘিরে দিনব্যাপী নেতাকর্মী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘ সময় পর এ ধরনের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়ে ভোটারদের অনেকে সন্তোষ প্রকাশ করেন।

কাউন্সিলের আয়োজকরা জানান, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর