রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ফরিদপুরে অটোভ্যান চালকের মরদেহ মিলল বড়াল নদীতে

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন

ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১৩ বছরের শিশু মো. সাকিব। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরেনি সে। স্বজনদের অপেক্ষার প্রহর শেষ হয় বড়াল নদীতে তার মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে।

রোববার (১৩ সেপ্টেম্বর) পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজাট গ্রামের উত্তর পাশে বড়াল নদী থেকে ভাসমান অবস্থায় সাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাকিব উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের মো. হারিছ প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার অটোভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় সাকিব। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। একপর্যায়ে মাজাট গ্রামের উত্তর পাশে বড়াল নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি সাকিবের বলে শনাক্ত করেন স্বজনরা।

ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। কীভাবে সাকিব নদীর তীরে গেল? তার সঙ্গে থাকা অটোভ্যানগাড়িটি কোথায়? তাকে কি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

পুলিশের প্রাথমিক ধারণা, অটোভ্যানগাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা সাকিবের মাথায় কাঠের টুকরা দিয়ে আঘাত করে থাকতে পারে। এরপর তাকে নদীর তীরে ফেলে রেখে অটোভ্যানগাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এগুলো প্রাথমিক ধারণা মাত্র। তদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ১৩ বছরের শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সাকিবের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে গভীর শোক ও ক্ষোভ।

ফরিদপুর থানা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। একই সঙ্গে সাকিবের মৃত্যুর প্রকৃত কারণ, অটোভ্যানগাড়িটির সন্ধান এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে সাকিবের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর