মানিকগঞ্জের দৌলতপুরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় এক বিশাল সাফল্য অর্জিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ) সকাল থেকে নদীর বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণের অবৈধ ও ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
অভিযান উপজেলার জিয়নপুর ও বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন নদী, খাল ও মুক্ত জলাশয়ে ‘মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০’ সরাসরি বাস্তবায়নের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোট ২২৭টি অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৮ হাজার টাকা।
অভিযান সার্বিক পরিচালনা ও নেতৃত্ব প্রদান করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ কার্যক্রমে সার্বিক নিরাপত্তা ও কৌশলগত সহায়তা প্রদান করেন বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল এবং উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অভিযান শেষে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারি জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। পরবর্তীতে সেখানে উপস্থিত স্থানীয় জনগণের উপস্থিতিতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাবা সুরাইয়া আক্তার তন্নী জানান, চায়না দুয়ারি জাল দেশীয় প্রজাতির ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণীর জন্য চরম হুমকিস্বরূপ। দেশীয় মাছের অবাধ প্রজনন, বংশবৃদ্ধি নিশ্চিতকরণ এবং নদী-নালার প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখতে সরকার আইন প্রণয়ন করেছে। ক্ষতিকর ও নিষিদ্ধ মৎস্য আহরণ সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।