সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

আটঘরিয়ায় ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার  তাহমিদুল ইসলাম।
ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি  আশরাফুল আলম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাসীর মাহফুজ, ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ এ্যাড. শাহজাহান আলী, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা।
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন এসএম শহিদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়ের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সমাবেশে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি, নৈতিক শিক্ষা প্রদান এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতি আশরাফুল আলম বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শুধু শিক্ষকদের প্রচেষ্টা যথেষ্ট নয়; অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন।
সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া এবং বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং নতুন শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর