পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী একদন্ত উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না; তাদের সৎ, নৈতিক, শৃঙ্খলাবোধসম্পন্ন ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত জরুরি।
শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী হচ্ছে কি না এবং তাদের আচরণ কেমন এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্তানদের পড়াশোনার প্রতি উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা ও ভালো আচরণে অভ্যস্ত করে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের পাঠদানে নিয়মিত মনিটরিং, উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিদ্যালয়ের এসব কার্যক্রম সফল করতে অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের শুধু পরীক্ষার ফলাফলের দিকে না তাকিয়ে তাদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার পরিবেশ তৈরি করা এবং শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে নজর দিতে হবে।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য দেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
এ সময় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে মতবিনিময় হয়। অভিভাবকরাও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুদ রানা সভাটি সঞ্চালনা করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।