পাবনার আটঘরিয়া উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও সরকারি-প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. নাজিম উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, হিসাবরক্ষণ কর্মকর্তা সুরাইয়া খনমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, আটঘরিয়া উপজেলা পরিষদের পুকুর, থানা পুকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর, চাঁদভা মাদরাসা পুকুর, খিদিরপুর গুচ্ছগ্রাম পুকুর, চতরার বিল, গমবিলসহ মোট আটটি জলাশয়ে ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম বলেন, “উন্মুক্ত ও সরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্তের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। মৎস্যসম্পদের উন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. নাজিম উদ্দীন বলেন, “জলাশয়ে পরিকল্পিতভাবে পোনা মাছ অবমুক্ত করা হলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে। এর মাধ্যমে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের মাছের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।”
সংশ্লিষ্টরা জানান, উপজেলার উন্মুক্ত ও সরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্তের ফলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।