সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

কাঠমিস্ত্রি থেকে ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর, মাসে আয় ২০–২৫ হাজার টাকা

নান্দাইল (ময়মনসিংহ)  প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
Oplus_131072

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বরুনাকান্দা গ্রামের আল-আমীন। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি। দীর্ঘদিন ধরে কাঠের কাজ করেই জীবিকা নির্বাহ করে আসছিলেন। তবে কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারের অভ্যাস ছিল তাঁর। একসময় ফেসবুক থেকে আয় করা যায় এ কথা শুনে বিষয়টি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি। সেই আগ্রহ থেকেই শুরু হয় ফেসবুকে নিয়মিত কনটেন্ট তৈরির চেষ্টা। বর্তমানে কাঠমিস্ত্রির পাশাপাশি ফেসবুক থেকে মাসে আয় করছেন ২০ থেকে ২৫ হাজার টাকা।

আল-আমীন জানান, প্রায় পাঁচ বছর ধরে তিনি ফেসবুক ব্যবহার করছেন। শুরুতে শুধুই বিনোদন ও যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করতেন। পরে জানতে পারেন, নিয়ম মেনে ভালো কনটেন্ট তৈরি করে ফেসবুক থেকে আয় করা সম্ভব। বিষয়টি তাঁকে ভাবিয়ে তোলে। এরপর ফেসবুকে কীভাবে কনটেন্ট তৈরি করলে দর্শকদের কাছে তা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে নিয়মিত ভাবতে শুরু করেন।

দীর্ঘদিনের চেষ্টার পর তাঁর ফেসবুক আইডিতে মনিটাইজেশন সুবিধা চালু হয়। গত পাঁচ মাস ধরে তিনি ফেসবুক থেকে ডলার আয় করছেন। বর্তমানে প্রতি মাসে গড়ে ২০ থেকে ২৫ হাজার টাকা সমপরিমাণ আয় হচ্ছে বলে জানান তিনি।

আল-আমীন বলেন, একা নিয়মিত ভিডিও তৈরি করা বেশ কষ্টসাধ্য। তাই আরও তিনজনকে সঙ্গে নিয়ে মোট চারজন মিলে কনটেন্ট তৈরি করছেন তাঁরা। প্রত্যেকে আলাদাভাবে বিভিন্ন ধরনের ফানি ও বিনোদনমূলক ভিডিও তৈরি করেন। পরে নিজেদের নিজ নিজ ফেসবুক আইডিতে নিয়মিত এসব কনটেন্ট প্রকাশ করেন।

তিনি জানান, চারজনের প্রত্যেকেই প্রতিদিন নিজ নিজ ফেসবুক আইডিতে প্রায় তিনটি করে কনটেন্ট পোস্ট করেন। এসব কনটেন্ট দর্শকদের কাছে ভালো সাড়া পাওয়ায় ধীরে ধীরে তাঁদের পেজ ও আইডিতে অনুসারী এবং দর্শক বাড়তে থাকে। সেখান থেকেই তৈরি হয়েছে আয়ের সুযোগ।

স্থানীয়রা জানান, আল-আমীন দীর্ঘদিন ধরে কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে নিজের পেশার পাশাপাশি প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাড়তি আয়ের পথ তৈরি করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ তরুণদের জন্যও অনুপ্রেরণার হতে পারে।

 

আল-আমীনের মতে, ফেসবুক থেকে আয় করতে হলে ধৈর্য, নিয়মিত পরিশ্রম এবং মানসম্মত কনটেন্ট তৈরির বিকল্প নেই। শুরুতেই আয় না হলেও নিয়ম মেনে কাজ করে গেলে একসময় সফলতা আসতে পারে। কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি ফেসবুক কনটেন্ট তৈরি করে তাঁর এই আয় এখন পরিবারের আর্থিক স্বচ্ছলতায়ও ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর