সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

নিষিদ্ধ চায়না জাল ধ্বংসে দৃষ্টান্ত, নান্দাইলে বিশেষ সম্মাননা পেলেন হেলাল উদ্দিন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
oplus_1024

নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহের নান্দাইলে বিশেষ সম্মাননা স্মারক পেয়েছেন চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের হেলাল উদ্দিন।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) নান্দাইল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহনাজনীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা আল মামুন, সাংবাদিক ফরিদ মিয়া, এ হান্নান আল আজাদ, মৎস্য চাষি মো. আব্দুল মান্নান ভূঁইয়া ও আরিফুল ইসলাম খান স্বপন।
জানা যায়, দীর্ঘদিন ধরে হেলাল উদ্দিন উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছ নিধনে ব্যবহৃত নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। কোথাও এসব জাল দেখতে পেলে তিনি তা উদ্ধার করে নিজ উদ্যোগে ধ্বংস করেন। পাশাপাশি নিজের এসব কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভের মাধ্যমে তুলে ধরে সাধারণ মানুষকে নিষিদ্ধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন।
তার এমন উদ্যোগে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়েছে। বিশেষ করে নিষিদ্ধ চায়না জালের কারণে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি জলজ প্রাণী ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তিনি মানুষের সামনে তুলে ধরছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি। এ ক্ষেত্রে হেলাল উদ্দিনের স্বেচ্ছামূলক উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনসচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে। তাঁর এই অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে হেলাল উদ্দিন বলেন, এই সম্মানডা আমার লাইগা অনেক আনন্দের আর অনুপ্রেরণার। দেশি মাছ  রক্ষা করার লাইগা আমি আগামীতেও কাম কইরা যাইতে চাই। নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে প্রশাসন, মৎস্য বিভাগ আর সাধারণ মানুষ সবাইরে একসাথে আগাইয়া আইতে হইবো।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশীয় মাছ সংরক্ষণ, পরিকল্পিত মাছ চাষ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর