সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ঈশ্বরদীতে রাতের আঁধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১:৩২ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে সাড়া ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় পদ্মার তলদেশ থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠে এসেছে জামায়তের এক নেতার বিরুদ্ধে। অনুসন্ধানে গিয়ে দেখা যায়, জামায়াতে ইসলামীর প্রায় ৪০-৫০ জন নেতা-কর্মী ব্যবসায়িক অংশীদার হয়ে একটি বিশাল ‘বালুর খোলা’ গড়ে তুলেছেন এবং সেখানেই অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করা হয়েছে পদ্মা এন্টারপ্রাইজ ও জামায়াত নেতাদের যৌথ সিন্ডিকেটের মাধ্যমে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, স্থানীয় বাসিন্দা আবু বক্কর খানের কাছ থেকে জমি লিজ নিয়ে ‘পদ্মা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মোঃ মঞ্জু খাঁন বালুর খোলাটি তৈরি করেন। জমির মালিক আবু বক্কর খাঁন নিশ্চিত করে বলেন, আমি নিজে এই ব্যবসার সঙ্গে যুক্ত নয়। তাছাড়া আমি শুধু তিন বছরের জন্য মঞ্জু খাঁনের কাছে জায়গাটি ভাড়া দিয়েছি মাত্র । তিনি আরো জানান, এই বালুর খোলায় মঞ্জু খাঁনের সাথে প্রধান ব্যবসায়িক অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ব্যবসায়িক অংশীদারদের বিষয়ে জানতে চাইলে মঞ্জু খাঁন ৫-৬ জন অংশীদারের কথা স্বীকার করলেও তাঁদের নাম প্রকাশ করতে রাজি হননি। রাতের আঁধারে বালু কাঁটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ইঞ্জিনিয়ার কাকন নামের এক ব্যক্তির ইজারা নেওয়া বালু মহাল (আলাইপুর) থেকে তাঁরা বালু আনেন। রাতের বেলা বালু উত্তোলন যে আইনত নিষিদ্ধ—এ বিষয়ে তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হলে তিনি দায় এড়িয়ে পাল্টা প্রশ্ন তোলেন, “আপনিতো জানেনই, ইজারা নেওয়ার পরে কে নিয়ম মেনে বালু তুলে?” তবে বাস্তব অনুসন্ধান বলছে ভিন্ন কথা; আলাইপুর নয়, বরং ঈশ্বরদীর সাড়া ইউনিয়ন সংলগ্ন পদ্মার তলদেশ থেকেই রাতের অন্ধকারে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে।
সাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকুন মোঃ ইলিয়াস খাঁন উক্ত ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, নিজে সরাসরি তা পরিচালনা করেন না। রাতের বেলা অবৈধ বালু তোলার বিষয়টি জানতে চাইলে, তাঁর কাছ থেকে কোনো  উত্তর পাওয়া যায়নি। পাশের বাঘা উপজেলার বৈধ বালু মহালের ইজারাদার মোঃ আরফান মিয়া রাতের বেলা বালু তোলার অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেন। তিনি বলেন: “আমরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে লক্ষীনগর মৌজা থেকে শুধুমাত্র দিনের বেলাতেই বালু উত্তোলন করি। রাতে আমরা কোনো বালু তুলি না। তবে শুনেছি লালপুর ও ঈশ্বরদীতে জলদস্যুরা রাতের আঁধারে অবৈধভাবে বালু তুলছে।” স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়াতে রাতের বেলা পদ্মার তলদেশ ক্ষতবিক্ষত করে ড্রেজার দিয়ে বালু কাটা হচ্ছে। এর ফলে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ, লালনশাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাড়া নদী রক্ষা বাঁধসহ, সাড়া ইউনিয়নে ভয়াবহ নদীভাঙনের আশঙ্কা তৈরি হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের আড়ালে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে এই অবৈধ বালু সিন্ডিকেট সদস্যরা। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, রাতের আঁধারে বালু তুলছে এই তথ্য আমাদের কাছে ছিলো না। আপনাদের মাধ্যমে জানলাম। সত্য হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং অপরাধী যেই হোক না কেন তাঁকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর