শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

অভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি, নগদ টাকাসহ মালামাল লুট

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন

রাতের আঁধারে ঢুকে নগদ ৫৪ হাজার ২০০ টাকা ও সিগারেটসহ ৬০ হাজার টাকার বেশি মালামাল চুরির অভিযোগ। যশোরের অভয়নগরে রাতের আঁধারে দুইটি মুদি ও ফলের দোকানের টিন কেটে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ টাকা, সিগারেট, মিনিট কার্ডসহ প্রায় ৬০ হাজার ৭০০ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানিরা।

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাঁচকবর বেতারের কোনা এলাকায় এ ঘটনা জানাজানি হয়।

ভুক্তভোগী মুদি দোকানি ইয়ামিন ভূঁইয়া (৩৪) অভয়নগর থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, পাঁচকবর বেতারের কোনায় তাঁর ‘ইয়ামিন স্টোর’ নামে একটি মুদি দোকান রয়েছে। প্রতিদিনের মতো শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান।

পরদিন শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে দোকান খুলে ভেতরে ঢুকে তিনি দেখতে পান, দোকানের চালের টিন খোলা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে পাশের দোকানেও একই ধরনের চুরির ঘটনা দেখতে পান তিনি। অভিযোগে ইয়ামিন ভূঁইয়া বলেন, তাঁর দোকানের বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩ হাজার ৫০০ টাকার সিগারেট এবং ক্যাশবাক্স ও ড্রয়ারে রাখা নগদ ৫৩ হাজার টাকা পাওয়া যাচ্ছে না। একইভাবে পাশের শফিকুল ইসলামের ফলের দোকান থেকেও মিনিট কার্ড, কয়েক প্যাকেট সিগারেটসহ প্রায় ৩ হাজার টাকার মালামাল এবং নগদ ১ হাজার ২০০ টাকা চুরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, দুই দোকান থেকে নগদ ৫৪ হাজার ২০০ টাকা এবং সিগারেট ও অন্যান্য মালামালসহ মোট প্রায় ৬০ হাজার ৭০০ টাকার জিনিসপত্র চুরি হয়েছে। দোকানিরা ধারণা করছেন, শুক্রবার রাত সাড়ে ১২টার পর থেকে শনিবার সকাল ৭টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা দুই দোকানের মাঝের একটি টিন খুলে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে।

ঘটনার পর দোকানিরা আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানান এবং চোর শনাক্তের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর