বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ফৈলজানায় লোকমান মেম্বারের সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান মেম্বারের দাদির মৃত্যু উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের ভিডিওকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লোকমান মেম্বার ও স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে ফৈলজানা বাজার প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে লোকমান মেম্বার বলেন, গত ৭ আগস্ট তার দাদির মৃত্যু উপলক্ষে স্থানীয় একটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ওই দোয়া মাহফিলের ভিডিও ধারণ করে সাংবাদিক রাসেল ও আহাম্মদ ‘দৈনিক সকালের খবর’ এবং ‘জি২৪’ নামের একটি ফেসবুক পেজে প্রচার করেন।
সেখানে দোয়া মাহফিলের ভিডিওকে হজযাত্রা উপলক্ষে মানুষজনকে খাওয়ানোর আয়োজন হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
লোকমান মেম্বারের দাবি, বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সাংবাদিক রাসেল ও আহাম্মদকে ডেকে তাদের মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট ভিডিওটি মুছে ফেলা হয়। একই সঙ্গে ভিডিওটি ভুলভাবে প্রচার করা হয়েছে বলে তারাও নিজেদের ভুল স্বীকার করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি পারিবারিক শোকের অনুষ্ঠানের ভিডিওকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রচার করা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এ ঘটনায় প্রকৃত তথ্য যাচাই না করে সংবাদ প্রচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। তবে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন লোকমান মেম্বার ও উপস্থিত এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে ফৈলজানা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিন্নাহ, বিশিষ্ট সমাজসেবক মামুন মণ্ডল, শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বক্তব্য দেন।
বক্তারা সাংবাদিকদের প্রতি কোনো ঘটনার সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া এবং তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর