মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রাণীনগরে নিখোঁজের সাড়ে ৩ঘন্টা পর বিলের পানি থেকে কৃষকের লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকা থেকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ ঘন্টা পর আব্দুল মন্ডল (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলা সদরের বেলবাড়ি গ্রামের বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন সাড়ে ৩ ঘন্টা খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের পানি থেকে তার লাশ উদ্ধার করে। মৃত আব্দুল মন্ডল বেলবাড়ি গ্রামের ইব্রাহীম মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মন্ডল ও তার স্ত্রী নৌকায় চড়ে গ্রামের মাঠে বিলের মধ্যে গরুর ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে তাদের পলের (খড়) পালা থেকে পল নিয়ে নৌকায় বাড়ি ফিরছিল তারা দু’জন। পথে নৌকা থেকে আব্দুল মন্ডল বিলের পানিতে পড়ে যায়। এ সময় তার স্ত্রী স্থানীয় লোকজনকে ডাকতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে স্থানীয়দের সাথে যোগ দেয়। ঘটনার সাড়ে ৩ঘন্টা পর দুপুর ১টার দিকে বিলের পানি থেকে আব্দুল মন্ডলকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর