রুহিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় গৃহপালিত প্রাণী চিকিৎসক কল্যাণ সমিতির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে রুহিয়া থ্রি-স্টার হল রুমে এ সভার আয়োজন করা হয়। রুহিয়া উপজেলার ৬টি ইউনিয়নের আনুমানিক ৪০ জন পল্লী প্রাণী চিকিৎসক এই সাধারণ সভায় অংশ নেন। সংগঠনের সভাপতি ও ৩ নং রাজারগাঁও ইউনিয়ন পয়েন্টের এআই টেকনিশিয়ান ডা. মোঃ আহসান হাবীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মো. মহেবুল্লাহ আবু নুর, রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও রুহিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, পেশাগত মানোন্নয়নে সংগঠন করা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। তবে এই সংগঠনের মূল লক্ষ্য হতে হবে প্রান্তিক কৃষক ও খামারিদের কল্যাণ। চিকিৎসকদের সেবার মাধ্যমে সাধারণ মানুষ ও খামারিরা যেন কোনো ভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে কঠোর নজর রাখতে হবে। একই সাথে প্রদর্শনী ও উন্নত জাতের কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় সঠিক সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা। সভাপতির বক্তব্যে ডা. মোঃ আহসান হাবীব বলেন, আমরা মাঠপর্যায়ে উন্নত জাতের প্রজনন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে খামারিদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। খামারি ও কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে রুহিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে একটি করে পরামর্শমূলক সেমিনার আয়োজন করা হবে।