জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পাবনার চাটমোহরের ঐতিহাসিক বালুচর খেলার মাঠসংলগ্ন পৌর মুক্তমঞ্চে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এস এম জাহিদ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং চাটমোহর উপজেলা শাখার সদস্য সচিব খাইরুল ইসলাম।
পাবনা জেলা এনসিপির আহ্বায়ক খন্দকার আকতার হোসেন লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজি, দখল, অনিয়ম ও প্রশাসনের অপব্যবহার বেড়েছে। তারা দাবি করেন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ বিভিন্ন খাতে দলীয় প্রভাব বিস্তারের কারণে জনসেবা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো বিএনপিও প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।
সারজিস আলম বলেন, “আপনারা দুটি ভোট দিয়েছেন। একটি ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, কিন্তু অন্যটির ফল বাস্তবায়িত হয়নি। বিএনপি সরকারে বসেই গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করে সংস্কার প্রক্রিয়া আটকে দিয়েছে।”
তিনি আরও বলেন, যারা ক্ষমতার অপব্যবহার করে না, মজলুমের পক্ষে থাকে এবং মানুষের কল্যাণে কাজ করে, জনগণকে তাদের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এনসিপির সঙ্গে থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
বক্তব্যের একপর্যায়ে সারজিস আলম চাটমোহর পৌরসভার আসন্ন নির্বাচনে এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে জেলা আহ্বায়ক খন্দকার আকতার হোসেন লেবুর নাম উপস্থিত জনতার সামনে ঘোষণা করে পরিচয় করিয়ে দেন।
কর্মসূচি অনুযায়ী বিকেল ৬টায় পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়া ও অন্যান্য কারণে কেন্দ্রীয় নেতারা রাত সাড়ে ৮টার দিকে চাটমোহর সরকারি কলেজ গেটে পৌঁছান। পরে সেখান থেকে স্লোগানমুখর পদযাত্রা নিয়ে বালুচর মাঠে এসে পথসভায় অংশ নেন।
পদযাত্রা ও পথসভায় পাবনার বিভিন্ন উপজেলা থেকে আগত এনসিপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই বিভিন্ন সংস্থার সদস্যদের শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সভাস্থলে দায়িত্ব পালন করতে দেখা যায়।