শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

চাটমোহরে সাবেক কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় এক কৃষক দল নেতার বাড়িতে গড়ে ওঠা নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ, বিষাক্ত রাসায়নিক দ্রব্য ও তৈরির সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় কারখানার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের পর থেকেই অভিযুক্ত কৃষক দল নেতা আব্দুল মোমেন পলাতক রয়েছেন।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এনএসআই পাবনার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
অভিযানে উপজেলার বিলচলন ইউনিয়নের সাবেক কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেনের বাড়ি থেকে ১২ ড্রাম বিষাক্ত জেলি, সয়াবিন তেলের মতো দেখতে বিভিন্ন তরল রাসায়নিক পদার্থ এবং ৫৭০ লিটার উৎপাদিত নকল দুধ উদ্ধার করা হয়। এছাড়াও দুধ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি অভিযুক্ত আব্দুল মোমেনের বাবা। প্রশাসনের দাবি, তিনি সরাসরি নকল দুধ তৈরির কাজে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোপনে ওই বাড়িতে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে নকল দুধ তৈরি করা হচ্ছিল। পরে এসব দুধ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলে আসছিল।
প্রশাসন সূত্র জানায়, অভিযুক্ত আব্দুল মোমেন বিলচলন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান। তার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুল মোমেন, তার স্ত্রী, বাবা আব্দুল আজিজসহ মোট ৬ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা রাসায়নিক দ্রব্য ও নকল দুধ ধ্বংস করা হয়েছে।
অভিযানে এনএসআই পাবনার যুগ্ম-পরিচালক তৌফিক ইকবাল, উপ-পরিচালক এবিএম লুৎফুল কবীর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। সেখানে বিপুল পরিমাণ নকল দুধ ও বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর