পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজা এবং প্রায় ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (১ মে) উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ী এলাকায় দুটি পৃথক অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
প্রথম অভিযানে মো. হাবিব প্রামানিকের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই এলাকায় সারতী কর্মকারের বাড়িতে দ্বিতীয় অভিযানে চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও ফারমেন্টেড তরল উদ্ধার করা হয়।
আটককৃতকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা সার্কেলের কর্মকর্তারা জানান, এলাকায় মাদকের আখড়া চিহ্নিত করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “চাটমোহর থেকে মাদক নির্মূলে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থা নিয়মিত কাজ করছে। হান্ডিয়ালে সফল অভিযান তারই ধারাবাহিকতা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত এলাকা গড়ে তোলার দাবি জানিয়েছেন।