পাবনা জেলার অক্টোবর মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধারসহ পুলিশের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) পাবনা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আলী আশরাফ, পিপিএম তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলা পুলিশের অধীনে পাঁচটি সার্কেল রয়েছে। এসব সার্কেলে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের মধ্যে অক্টোবর মাসে ঈশ্বরদী সার্কেল এবং অতিরিক্ত দায়িত্বে থাকা চাটমোহর সার্কেলে সার্বিক কার্যক্রমের মূল্যায়নে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন প্রণব কুমার সরকার।গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা ও সাফল্যের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।
সম্মাননা গ্রহণের পর অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‘এই অর্জন আমার একার নয়। ঈশ্বরদী ও চাটমোহর সার্কেলের প্রতিটি পুলিশ সদস্যের আন্তরিকতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার ফল এটি। পুলিশের প্রতিটি সদস্য নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণ করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা বজায় রাখার চেষ্টা করছি। অপরাধীদের আইনের আওতায় আনা, মাদক ও অপরাধপ্রবণতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’ প্রণব কুমার সরকার বলেন, ‘পুলিশ জনগণের আস্থার জায়গা তৈরি করতে পারলেই প্রকৃত অর্থে জনসেবা নিশ্চিত করা সম্ভব। সাধারণ মানুষের সহযোগিতা ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে আমরা কাজ করে যেতে চাই।’
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার মো. আবু আশরাফ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।