পাউবো সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সিলেট পয়েন্টে ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার পানি বাড়লেও তা এখনো বিপৎসীমার নিচেই রয়েছে। অন্যদিকে, কুশিয়ারার পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার সমান স্তরে এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শেওলা ও শেরপুর পয়েন্টে নদীটির পানি এখনো বিপৎসীমার নিচে অবস্থান করছে। এছাড়া সারিগোয়াইন, পিয়াইন, লোভা ও ধলাই নদীর পানি সামান্য বাড়লেও বিপৎসীমা অতিক্রম করেনি।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, “আসামের পাহাড়ি ও সমতল অঞ্চলের বন্যার পানি নিচের দিকে নেমে আসায় সুরমা ও কুশিয়ারা নদীতে সাময়িক পানি বৃদ্ধি পেয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, বর্তমানে সিলেট কিংবা ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। ফলে নদীগুলোর পানি আর কিছুটা বাড়লেও সিলেটে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।