নওগাঁর রাণীনগরে প্রবাস ফেরত যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করে দুই লাখ টাকা চাঁদা নেয়ায় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক ইমরান হোসেনকে (৩২) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু বলেন, কোন নেতার অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। তাই চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ইমরানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতা ইমরানের নেতৃত্বে চাঁদার দাবিতে গত বৃহস্পতিবার উপজেলার চকারপুকুর বিষঘরিয়া গ্রামের প্রবাস ফেরত যুবক আলমগীর হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে করজগ্রাম-মাধাইমুড়ি শ্বশানঘাটে বেশ কয়েকজন তাকে ব্যাপক মারধর করে চাঁদার দাবিকৃত টাকার মধ্যে দুই লাখ টাকা নেওয়ার পর আলমগীরকে ফেরত দেয় তার পরিবার নিকট। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীরের বাবা মোজাহার বাদি হয়ে শনিবার রাতে ইমরানকে প্রধান আসামি করে ৫ জন এজাহার নামীয় ও ৪ জন অজ্ঞাতনামা আসামি করে অপহরণ, চাঁদা দাবি ও চাঁদা আদায় আইনে থানায় মামলা দায়ের করেছে।