শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ছাত্রশিবিরের ২০২৫ সালের বার্ষিক প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিবির সভাপতি 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১২:১৩ অপরাহ্ন

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “বর্তমান সমাজে প্রচলিত জাহেলিয়াতপূর্ণ চিন্তা ও মূল্যবোধ আমাদের জাতির অগ্রগতি ও মঙ্গলকে বাধাগ্রস্ত করছে। এসব ভুল ধারণার বিরুদ্ধে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিস্থাপন অপরিহার্য। ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানবতার সঠিক পথপ্রদর্শন করে। ইসলামী সংস্কৃতি ও নীতির মাধ্যমে আমরা আমাদের চিন্তা ও নীতি-নৈতিকতায় আমূল পরিবর্তন আনতে পারব, যা সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এটি আমাদের জাতির প্রকৃত মুক্তি ও সমৃদ্ধির পথে একমাত্র সঠিক দিশা।”
তিনি আজ ৬ নভেম্বর (বুধবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ছাত্রশিবিরের ২০২৫ সালের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। এছাড়াও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকাস্থ শাখা সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো জাতির মন-মগজে জেঁকে বসা হীনম্মন্যতা ও জাহেলিয়াতকে দূর করে ইসলামের সুমহান ও শাশ্বত আহ্বান পৌঁছে দেওয়া।” ইসলামী সভ্যতা ও সংস্কৃতির সঠিক অনুধাবন তরুণ ছাত্রদের মধ্যে গড়ে তোলার প্রয়াসে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। “পশ্চিমা বয়ান শুনে যারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম হিসেবে মনে করেছে, তাদেরকে ইসলামের বিশালতা বোঝানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যার ধারাবাহিকতায় আমরা আমাদের প্রকাশনা সামগ্রী সেই আলোকে সাজিয়েছি।”
সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্পিরিট ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারণ করে আসছে। জুলুম ও নির্যাতনের মূলোচ্ছেদ করে একটা বৈষম্যহীন সমাজ গঠন করার লক্ষ্যেই ইসলামী ছাত্রশিবির গঠিত হয়, যা জুলাই-আগস্ট অভ্যুত্থানের মূল চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই এ বছর আমরা আমাদের প্রকাশনায় এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ও সাহসী ভূমিকা বীরত্বগাথা গল্পগুলো স্থান দিয়েছি।”
উল্লেখ্য, প্রতি নতুন বছরেই আকর্ষণীয় প্রকাশনা সামগ্রী প্রকাশ করে ছাত্রশিবির। এবারের প্রকাশনার মধ্যে রয়েছে তিন পাতা ক্যালেন্ডার, এক পাতা বড়ো ক্যালেন্ডার, এক পাতা ছোটো ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, ইয়ার প্লানার, ইংরেজি বড়ো ডায়েরি, বাংলা বড়ো ডায়েরি, মাঝারি ডায়েরি ও পকেট ডায়েরি, ইসলাম ও সচেতনতামূলক বাণীসংবলিত স্টিকার প্রভৃতি। শিবির সভাপতি এসব প্রকাশনা সামগ্রী ছাত্রসমাজ ও সুধীমহলের নিকট পৌঁছে দেওয়ার জন্য সংগঠনের সকল স্তরের জনশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর