রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

দৌলতপুরে পাচারকালে ১১ বস্তা সার আটক, ডিলারের ২ লাখ টাকা জরিমানা

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে পার্শ্ববর্তী উপজেলায় পাচারকালে ১১ বস্তা সার আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
​শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্র জানায়, দৌলতপুরের সাব-ডিলার হাবিবুর রহমান হবি সরকারি বরাদ্দের সার বেশি দামে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের মামুন মিয়ার কাছে বিক্রি করেন। শুক্রবার ১১ বস্তা সার নাগরপুরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কৃষক ও জনতা সারবোঝাই ভ্যানটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।
​সংবাদ পেয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হন। অপরাধ প্রমাণিত হওয়ায় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লাখ টাকা জরিমানা করেন।
​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস জানান, কৃষকের স্বার্থ রক্ষায় সরকারি সার অবৈধভাবে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত সার উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর