পাবনার ঈশ্বরদীতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। এসময় ইউনিয়নের সাতটি ওয়ার্ডের কমিটি ঘোষনা করেন উপজেলা বিএনপির নবাগত আহবায়ক মো. জাহাঙ্গীর আলম ও পৌরসভার নয়টি ওয়ার্ডের কমিটি ঘোষনা করেন ঈশ্বরদী পৌর বিএনপির নবাগত আহবায়ক মো. ইসলাম হোসেন জুয়েল। ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাবুদ্দিন সেন্টু সরদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম কেনেডি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক তুফান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রী বিষ্টু কুমার সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন ইলবাস, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক বেল্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর বিএনপির সদস্য রবিউল ইসলাম রবি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার মালিথা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবু সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হাসান আতিয়ার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হক মুকুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রিপন, ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিংকু শেখ, ঈশ্বরদী পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহ রউফ আব্দুল, পৌর ৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুর রহমানসহ যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অবমূল্যায়িত এসব নেতাকর্মীরা জানান, আমরা বছরের পর বছর ধরে দলের জন্য মার খেয়েছি, হামলা-মামলার শিকার হয়েছি অথচ বর্তমানে দলের দুঃসময়ের আমাদের মূল্যায়ন না করে একটি সুবিধাবাদী মহলকে সুবিধা দেওয়া হচ্ছে। দলের অস্তিত্ব রক্ষার্থে এবং সাধারণ কর্মীদের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই নতুন কমিটি ঘোষণা করতে বাধ্য হয়েছি। এর আগে গত ২২ আগস্ট (শনিবার) রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিলেন। তাদের কমিটিতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করা হয়। একই সঙ্গে ঈশ্বরদী পৌর বিএনপির কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব করা হয়। প্রায় ১ মাস পর (২৫ সেপ্টেম্বর) উপজেলা কমিটিকে আরও ৪৮ সদস্য ও পৌর কমিটিকে ৩৭ সদস্যের পূর্নাঙ্গ আকারে প্রকাশ করে জেলার নেতৃবৃন্দ। ওই সময় কমিটি গঠনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে জাকারিয়া পিন্টুর সমর্থকরা কয়েক দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে ৩০ আগস্ট সন্ধ্যায় ২৪ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি ও ২২ সদস্য বিশিষ্ট পৌর শাখার আরেকটি কমিটি ঘোষণা করেন অবমূল্যায়িত নেতারা। ঘোষিত ওইসব কমিটিতে অনুমোদনকারী হিসেবে তৃনমুল বিএনপির নেতাকর্মীদের পক্ষে সাক্ষর করেন পাবনা জেলা বিনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু। তবে সদ্য ঘোষিত এসব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী’ ও ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার। তার দাবি, দলের বাহিরে থেকে নিজেদের সিদ্ধান্তে কে কি করলো তা দেখার প্রয়োজন মনে করিনা। তিনি বলেন, আমাদের দল বিএনপি। আমাদের প্রতিক ধানের শীষ এবং আমাদের নেতা জনাব তারেক রহমান। কিন্তু যারা এসব কমিটি কমিটি খেলা খেলছে তারা তো দলের কেউ না। আর দলের বাহিরে যারা এসব কর্মকান্ড করে বিশৃঙ্খলা তৈরি করছে তাদের রাজপথেই উচিত জবাব দেওয়া হবে। এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঈশ্বরদীতে বিএনপি’র দু’পক্ষের অন্তর্দ্বন্দ এখন সর্বোচ্চ পর্যায়ে। দ্রুত দলের চেয়ারম্যানের হস্তক্ষেপের মাধ্যমে এ সমস্যা নিরসন করা না হলে ঈশ্বরদীর স্থানীয় রাজনীতিতে বিএনপি বড় ধরনের সাংগঠনিক ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘোষিত কমিটিকে সমর্থন দিয়ে উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধের বিভিন্ন স্লোগান দিয়ে নবগঠিত ওয়ার্ড বিএনপির কমিটির নেতাদের ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।