‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় আটঘরিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, আটঘরিয়া, পাবনার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার সুযোগ বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার,
সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুরা উপযুক্ত পরিবেশ ও সুযোগ পেলে সমাজ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান, মৎস্য কর্মকর্তা এসএম নাজিমুদ্দিন, একাডেমিক শিক্ষা সুপারভাইজার শিপ্রা রানী মণ্ডল, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা রঞ্জিত কুমার রায়, সিএস মাহমুদুল হক,
আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ এবং চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কন্যাশিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দুটি গ্রুপে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহুবা মরিয়ম, দ্বিতীয় স্থান অর্জন করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী সায়মা সোয়াদ তুবা এবং তৃতীয় স্থান অর্জন করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জিওয়ানা রায়হান।
‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় স্থান অর্জন করে নবম শ্রেণির শিক্ষার্থী সুরভী এবং তৃতীয় স্থান অর্জন করে নবম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা মরিয়ম মুন।
আলোচনা সভা ও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।