পাবনার আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের নাদুরিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান (৯০) মারা গেছেন। রোববার (২৩ আগস্ট ২০২৬) সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। বাদ আসর নাদুড়িয়া কবরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে ওই কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, প্রধান শিক্ষক রইচ উদ্দিন রবি প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।