চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, হবিগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ স্কাউটসের সদস্যরা। টানা অতিবৃষ্টি, উজানের ঢল এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট এই দুর্যোগে স্কাউট, রোভার স্কাউট, গার্ল-ইন-রোভার ও স্কাউটাররা স্বতঃস্ফূর্তভাবে মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা উদ্ধার কার্যক্রমে সহায়তা, ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, দুর্গত মানুষের নিরাপদ স্থানে স্থানান্তর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিচ্ছেন। তাদের এই নিরলস সেবামূলক কার্যক্রম স্কাউটিংয়ের মূলমন্ত্র—“সেবাদানে সদা প্রস্তুত”—এর বাস্তব প্রতিফলন হিসেবে প্রশংসিত হচ্ছে।
বন্যাকবলিত এলাকায় মানবিক কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার ও ইউনিট লিডার, সেবা মুক্ত স্কাউট গ্রুপ, সিরাজগঞ্জের মো. মাছুম বিল্লাহ মাহী; বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার ও সভাপতি, সপ্ত নীল মুক্ত মহাদলের সায়েদ বাসিত; রেডি টু রেসকিউ ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ফজলে রাব্বি সৈকত এবং একই গ্রুপের গ্রুপ সম্পাদক জয়নাল আবেদিন রবি।
এছাড়াও সংশ্লিষ্ট ইউনিটগুলোর রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা বন্যাদুর্গত মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বাংলাদেশ স্কাউটসের এ মানবিক উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশজুড়ে স্কাউট সদস্যদের এমন মানবিক কর্মকাণ্ড দুর্যোগে আক্রান্ত মানুষের মধ্যে সাহস, আশা ও সহযোগিতার বার্তা পৌঁছে দিচ্ছে।