কিন্তু প্রশ্ন হলো এই সিদ্ধান্তের বাস্তব প্রভাব কার ওপর সবচেয়ে বেশি পড়বে?
আইনের প্রয়োগ রাষ্ট্রের দায়িত্ব। তবে আইন প্রয়োগের ধরন, সময় এবং বাস্তবতার সঙ্গে তার সামঞ্জস্য সবসময় বিবেচ্য বিষয়। কারণ আইন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ নয়; তা মানুষের জীবন-জীবিকা ও দৈনন্দিন সংগ্রামের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশেষ করে এমন সিদ্ধান্ত, যা সরাসরি মানুষের চলাচল ও উপার্জনের মাধ্যমকে প্রভাবিত করে, তা বাস্তবতার আলোকে পর্যালোচনা করা জরুরি।
ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় অসংখ্য স্বল্প আয়ের মানুষ মোটরসাইকেলের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। কেউ পণ্য পরিবহন করেন, কেউ রাইড শেয়ারিং সেবায় যুক্ত, আবার কেউ গ্রাম-শহরের ক্ষুদ্র ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন মোটরসাইকেলের মাধ্যমে। অনেকের কাছে মোটরসাইকেল শুধু একটি যানবাহন নয়; এটি তার পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন।
বিশেষভাবে উল্লেখযোগ্য প্রাণিসম্পদ খাতে কর্মরত কৃত্রিম প্রজনন কর্মীরা। প্রত্যন্ত অঞ্চলে গবাদিপশুর জাত উন্নয়নে তারা নিরলসভাবে কাজ করছেন। তাদের প্রধান ভরসা একটি ছোট মোটরসাইকেল। সময়মতো সেবা পৌঁছে দিতে তারা গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়ান। এই চলাচল যদি হঠাৎ করে বাধাগ্রস্ত হয়, তবে শুধু তাদের ব্যক্তিগত আয়ই ক্ষতিগ্রস্ত হবে না দেশের প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হবে।
একইভাবে বিভিন্ন কোম্পানির লক্ষ্যভিত্তিক বিপণন ও মাঠকর্মীরাও মোটরসাইকেলের ওপর নির্ভরশীল। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট এলাকায় পৌঁছে পণ্য বিপণন, অর্ডার সংগ্রহ বা বিক্রয় কার্যক্রম সম্পন্ন করাই তাদের দায়িত্ব। চলাচল ব্যাহত হলে বিক্রয় কমবে, আয় হ্রাস পাবে এবং এর প্রভাব পড়বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপরও। দীর্ঘমেয়াদে এটি স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাস্তবতা হলো, এসব পেশাজীবীর বড় অংশই নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সদস্য। তাদের সংসার চলে প্রতিদিনের আয়ে। একদিন আয় বন্ধ মানেই ঘরে চুলা না জ্বলা এটাই তাদের কঠিন বাস্তবতা। অনেকেরই লাইসেন্স নবায়ন, ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ কিংবা জরিমানার অর্থ একসঙ্গে পরিশোধ করার আর্থিক সামর্থ্য নেই। ফলে আইন প্রয়োগের কঠোরতা তাদের জন্য হয়ে উঠতে পারে অপ্রত্যাশিত আর্থিক বোঝা।
এখানে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে আইন প্রয়োগের লক্ষ্য কি শুধুই শাস্তি দেওয়া, নাকি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা? যদি লক্ষ্য শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়, তবে সেই প্রক্রিয়া হতে হবে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক। হঠাৎ করে কঠোর অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মানুষের আয় বন্ধ করে দেওয়া সমস্যার স্থায়ী সমাধান নয়; বরং এটি নতুন সংকটের জন্ম দিতে পারে।
নিশ্চয়ই সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করা উচিত নয়। লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো কিংবা হেলমেট ছাড়া চলাচল করা ঝুঁকিপূর্ণ এবং আইনবিরোধী। দুর্ঘটনা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসব বিষয়ে কঠোরতা প্রয়োজন। কিন্তু বাস্তব চিত্র হলো অনেকেই আইনের প্রতি অনাগ্রহী নন; বরং প্রক্রিয়ার জটিলতা, দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত ব্যয়ের কারণে নিয়মিত নবায়ন করতে পারেন না।
লাইসেন্স করতে গেলে দীর্ঘ লাইন, দালালচক্রের দৌরাত্ম্য, একাধিকবার অফিসে যাওয়া-আসার ঝামেলা এসব বিষয় সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ। একইভাবে ফিটনেস নবায়নের ক্ষেত্রেও প্রক্রিয়া যদি সহজ ও সাশ্রয়ী না হয়, তাহলে অনেকেই নিরুপায় হয়ে ঝুঁকি নেন। কাজেই কেবল অভিযান চালিয়ে সমস্যার মূলোৎপাটন সম্ভব নয়; প্রয়োজন প্রক্রিয়াগত সংস্কার।
সমাধানের পথও রয়েছে।
প্রথমত, স্বল্প খরচে ও সহজ প্রক্রিয়ায় ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে বিশেষ ক্যাম্পেইন চালু করা যেতে পারে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে জরিমানা ছাড়া নবায়নের সুযোগ দিলে অনেকেই স্বেচ্ছায় নিয়মের মধ্যে আসবেন।
দ্বিতীয়ত, নির্দিষ্ট সময় দিয়ে সচেতনতা বৃদ্ধি ও সংশোধনের সুযোগ প্রদান করা জরুরি। গণমাধ্যম, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো গেলে আইনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে।
তৃতীয়ত, জীবিকানির্ভর পেশাজীবীদের জন্য বিশেষ বিবেচনা ও সহায়তা ব্যবস্থা চালু করা যেতে পারে। যেমন কিস্তিতে জরিমানা পরিশোধের সুযোগ, নির্দিষ্ট পেশার জন্য অগ্রাধিকারভিত্তিক সেবা প্রদান কিংবা ভর্তুকিযুক্ত লাইসেন্স ও ফিটনেস নবায়ন ব্যবস্থা।
চতুর্থত, মাঠপর্যায়ে তদারকির সময় মানবিক আচরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বশীল ও সহনশীল ভূমিকা জনআস্থা বৃদ্ধি করবে।
রাষ্ট্রের দায়িত্ব যেমন শৃঙ্খলা বজায় রাখা, তেমনি নাগরিকের জীবিকা সুরক্ষিত রাখাও সমান গুরুত্বপূর্ণ। উন্নয়ন ও শৃঙ্খলার নামে যদি হাজারো পরিবার হঠাৎ করে আয়হীন হয়ে পড়ে, তবে সেই উন্নয়ন টেকসই হবে না। প্রয়োজন এমন একটি ভারসাম্য যেখানে আইন কার্যকর হবে, আবার মানুষের ন্যূনতম জীবন-জীবিকাও রক্ষা পাবে।
নিষেধাজ্ঞা কখনো প্রয়োজনীয় হতে পারে, কিন্তু তা যেন হয় সমস্যার স্থায়ী সমাধানের অংশ অস্থায়ী আতঙ্কের কারণ নয়। আইন যেন হয় শৃঙ্খলার হাতিয়ার, শাস্তির বোঝা নয়। এই ভারসাম্য রক্ষা করাই এখন সময়ের দাবি।
অন্যথায় জনদুর্ভোগ কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিই হয়তো নতুন দুর্ভোগের জন্ম দেবে আর তার ভার বইতে হবে সেই মানুষদের, যাদের কণ্ঠস্বর সবচেয়ে দুর্বল, অথচ যাদের ঘামেই স্থানীয় অর্থনীতির চাকা ঘোরে।