সিরাজগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ জালনোট-মাদকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। অভিযানে মোট ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোট ও ১৯৬ বোতল মাদক উদ্ধার করা হয়। ৩০ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় র্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত রোববার বিকেলে সলঙ্গা থানার হাতিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার টাকার জালনোটসহ রবিউল ইসলাম (২০) ও আবুল হাসান (২৯) কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘোপাকান্দি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।
অপরদিকে, একইদিনে সকালে সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোল বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৯৬ বোতল ইয়াবা ও ৪টি মোবাইল ফোনসহ মোস্তাফিজুর রহমান (৩০), মনিরুজ্জামান (৩৯) ও রেজিনা বেগম (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে।