সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা!

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একের পর এক অনিয়মের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রসিদ ছাড়াই এক্স-রে ও আলট্রাসনোগ্রাফির টাকা আদায় এবং টেন্ডারের মাধ্যমে কেনা চিকিৎসা সরঞ্জাম গ্রহণে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটি গঠনের পরও অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান এবং দুই কর্মচারী বহাল তবিয়তে রয়েছেন। এতে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, স্বাস্থ্য কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান ও আউটসোর্সিং কর্মী সবুজের মাধ্যমে রসিদ ছাড়াই রোগীদের কাছ থেকে এক্স-রে ও আলট্রাসনোগ্রাফির টাকা আদায় করা হচ্ছে। অন্যদিকে, স্টোরকিপার সাদেকুল ইসলামের বিরুদ্ধে ছুটির দিনে সরবরাহ চালান ছাড়াই টেন্ডারকৃত চিকিৎসা সরঞ্জাম গ্রহণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, তাঁর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান সরবরাহকৃত মালামালের পরিমাণ ও মানে কারচুপি করতে পারে। কাগজে-কলমে সরবরাহের হিসাব ঠিক থাকলেও বাস্তবে কম মালামাল গ্রহণের সুযোগ তৈরি হতে পারে বলে অভিযোগ তাঁদের।
এর আগে গত ৪ নভেম্বর ‘রসিদ ছাড়াই নেওয়া হচ্ছে এক্স-রে-আলট্রার টাকা, নয়ছয়ের অভিযোগ’ শিরোনামে দেশের বিভিন্ন অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়া গত ২১ ও ২৫ অক্টোবর ‘স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডারকৃত চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ’ শিরোনামে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
এসব সংবাদ প্রকাশের পরও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। তবে সিভিল সার্জন কার্যালয়ের দাবি, অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদিও তদন্ত প্রতিবেদন কবে জমা পড়বে কিংবা কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।
জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের কাছ থেকে এক্স-রে ও আলট্রাসনোগ্রাফির জন্য টাকা নেওয়া হলেও অনেক ক্ষেত্রে সরকারি রসিদ দেওয়া হয় না। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান নিজেই ২২০ টাকার বিনিময়ে আলট্রাসনোগ্রাফি পরীক্ষা করলেও সেবাগ্রহীতাদের রসিদ দেওয়া হয় না। একইভাবে তাঁর অধীনে কর্মরত আউটসোর্সিং কর্মী সবুজ ২১০ টাকা নিয়ে এক্স-রে করলেও অধিকাংশ ক্ষেত্রে কোনো রসিদ দেন না বলে অভিযোগ রোগীদের।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব সেবার বিপরীতে আদায় করা অর্থ, যা ‘ইউজার ফি’ হিসেবে পরিচিত, জমা দেওয়ার দায়িত্বে রয়েছেন স্টোরকিপার সাদেকুল ইসলাম। তবে আদায় করা অর্থ যথাযথভাবে সরকারি হিসাবে জমা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে সরকারি অর্থের হিসাব-নিকাশে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।
এক্স-রে ও আলট্রাসনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবায় রোগীদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও তার বিপরীতে সরকারি রসিদ না দেওয়ার বিষয়টি আর্থিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। রোগীদের কাছ থেকে আদায় করা অর্থ সরকারি কোষাগারে যথাযথভাবে জমা হচ্ছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখানে সপ্তাহে ছয় দিন এক্স-রে এবং তিন দিন আলট্রাসনোগ্রাফি পরীক্ষা করা হয়। প্রতিদিন গড়ে প্রায় ৫০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০টি এক্স-রে এবং ১০ থেকে ১৫ জনের আলট্রাসনোগ্রাফি করা হয়।
গত ২৯ অক্টোবর ও ৩ নভেম্বর সরেজমিনে গিয়ে রসিদ ছাড়া অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তথ্য পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্মকর্তাকে ঘিরে একটি প্রভাবশালী চক্র গড়ে উঠেছে। এর ফলে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করা হলেও যথাযথ রসিদ দেওয়া হচ্ছে না। প্রতিটি আর্থিক লেনদেনের বিপরীতে সরকারি রসিদ প্রদান এবং নির্ভরযোগ্য হিসাব সংরক্ষণ করা বাধ্যতামূলক হওয়া উচিত বলে মনে করছেন সচেতন ব্যক্তিরা।
অন্যদিকে, গত ২০ অক্টোবর সরেজমিনে গিয়ে টেন্ডারের মাধ্যমে কেনা চিকিৎসা সরঞ্জাম গ্রহণের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগের সত্যতা যাচাইয়ের মতো কিছু বিষয় সামনে আসে। ওই দিন সকাল ১০টার দিকে একটি ট্রাকে করে কিছু চিকিৎসা সরঞ্জাম স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে সেগুলোর একটি অংশ স্টোররুমে রাখা হয়। এ সময় স্টোরকিপার সাদেকুল ইসলামের কাছে মালামাল সরবরাহের চালানপত্র দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। ছুটির দিনে ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের উপস্থিতি ছাড়া কীভাবে মালামাল গ্রহণ করা হচ্ছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ অবস্থায় টেন্ডারের শর্ত অনুযায়ী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে কি না, পণ্যের পরিমাণ ও মান যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না এবং গ্রহণপ্রক্রিয়া বিধিসম্মতভাবে সম্পন্ন হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি উঠেছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ মুঠোফোনে বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জন স্যারকে বলা হয়েছে।’
নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির প্রতিবেদনে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। স্টোরকিপার সাদেকুল ইসলামের বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। সব ধরনের অনিয়মের বিরুদ্ধেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে স্থানীয়দের দাবি, স্বাস্থ্য কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান প্রায় সাত বছর ধরে একই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। পদোন্নতি পাওয়ার পরও তিনি একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। একইভাবে স্টোরকিপার সাদেকুল ইসলামও দীর্ঘদিন ধরে সেখানে কর্মরত। তাঁদের দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কর্মরত থাকা এবং এ নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখার দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর