বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযান : ৪ ফিলিং স্টেশন পরিদর্শন ও এক রেস্তোরাঁকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বগুড়া শহরের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের পরিমাপ যাচাই ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে অভিযান চালিয়েছে বিএসটিআই ও জেলা প্রশাসন।

 

রোববার (৫ এপ্রিল) সদর উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এই মোবাইল কোর্টে একটি রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চারটি ফিলিং স্টেশনে তেলের মজুত ও পরিমাপ পরীক্ষা করা হয়েছে।

 

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. মো. আসাদুজ্জামান।

 

অভিযান চলাকালে শহরের ছিলিমপুর এলাকার বাবা শাহ কামালিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ব্যবসায়িক সনদ না থাকার দায়ে ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪’ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মোবাইল কোর্ট চলাকালে বগুড়া সদর উপজেলার চারটি প্রধান ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এগুলো হলো-বগুড়া ফিলিং স্টেশন (ছিলিমপুর), টিএমএসএস ফিলিং স্টেশন (ঠেঙামারা), মালা ফিলিং স্টেশন (নওদাপাড়া), বানু ফিলিং স্টেশন (ঝোপগাড়ী)।

 

পরিদর্শন শেষে বিএসটিআই জানায়, প্রতিটি স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া গেছে। তবে স্টোরেজ ট্যাংকে তেলের মজুত যাচাই করে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় যাতে পর্যাপ্ত মজুত থাকা পর্যন্ত সঠিক নিয়ম মেনে তেল বিক্রি ও বিতরণ অব্যাহত রাখা হয়।

 

জ্বালানি তেল সংগ্রহের সময় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ফিলিং স্টেশন মালিকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহীদের কাছে জ্বালানি তেল বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছে মোবাইল কোর্ট।

 

বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মো. জহুরুল হক জানান, জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর