সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নড়াইলে ট্রাকচাপায় তেল পাম্পের ম্যানেজার হত্যার ট্রাকটি বেনাপোল থেকে জব্দ 

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

নড়াইল সদরে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত আলী মোল্যাকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব। যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২৯ মার্চ) বিকেলে র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ট্রাক চালক সুজাত আলী মোল্যা নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের পেড়লী (দক্ষিণ পাড়া) গ্রামের মো. ছাইদুর রহমান (ওরফে) তহিদুর মোল্যার ছেলে।
শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে নড়াইল সদরের তুলারামপুর রেল সেতুর পূর্ব প্রান্তে যশোর নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের কাছে ট্রাক চাপায় নিহত হয় তেল পাম্পের ম্যানেজার নাহিদ সরদার। এ ঘটনায় তার বন্ধু জিহাদুল মোল্যার (২৯) অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাহিদের চাচা ও তানভীর ফিলিং স্টেশনের মালিক মো. রবিউল ইসলাম ট্রাক চালক সুজাত মোল্যাকে প্রধান অভিযুক্ত করে রোববার দুপুরে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নাহিদ সরদার নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামের এক ট্রাক চালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এসময় তেল নেয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাগ্‌বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাক চালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগ্‌বিতণ্ডার পরও ওই ট্রাক চালক পাম্পেই অবস্থান করেন। রাতে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে। পরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মীরা ও এলাকাবাসী।
র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিটসহ বিভিন্ন সংস্থা নিজস্ব প্রক্রিয়ায় হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করে।
রোববার দুপুরে ঘাতক ট্রাকটিকে (যশোর -ট-১১-৬০৪০) যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। আর অভিযুক্ত ট্রাক চালক সুজাতকে একই দিন বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব- ৬ যশোর)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর