চাটমোহর ২৬ মার্চ:২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া চাটমোহর উপজেলার ৫৮ জন কৃতি শিক্ষার্থী কে সংবর্ধিত করা হয়েছে।
গত বছরের মতো এবারও চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন হায়দার খান শান্ত, চাটমোহর টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর.কে.এম আব্দুর রব মিঞা, প্রধান শিক্ষক আবু সাঈদ, ডা. ফরহাদ পারভেজ লিখন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, রেজাউল করিমসহ অনেকে।
কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইয়াসিন মোল্লা আনিকা ইসলাম পুষ্প ফাহিম আহমেদ স্নিগ্ধ ও রেদওয়ান করিম।
ইয়াসিন মোল্লা বলেন, “আড়ম্বরপূর্ণ এই সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মানুষের জন্য কাজ করার লক্ষ্যে সবার দোয়া কামনা করছি।”
আনিকা ইসলাম পুষ্প বলেন, “শিক্ষাজীবন শেষ করে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই।”
অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কলেজ, হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সুধীজন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে রেজিস্ট্রেশনকৃত ৫৮ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ ধরনের আয়োজন উপজেলার শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষায় উৎসাহ যোগাবে বলে আশা করা হচ্ছে।