বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ অঞ্চলের জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় উল্লাপাড়া উপজেলার নাগরৌহা-ভেংড়ীর মধ্যবর্তী পানাগাঁতী খালের উপর ৪ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৩৮৪ টাকা ব্যয়ে আঞ্চলিক সড়ক সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো । এ সড়ক সেতুটি বাস্তবায়ন হলে জেলা ও উপজেলা সদরের সাথে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের একটি আন্তযোগাযোগ ব্যবস্থা তৈরী হবে। এতে হাজার হাজার কৃষকের কৃষি পণ্য পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পথ সংক্ষিপ্ত হবে। সর্বোপরি সেতুটি নির্মাণ হলে এলাকাবাসীর আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে প্রায় ৪ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৩৮৪ টাকা ব্যয়ে এ সড়ক সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী মোঃ শফিকুল ইসলাম শফি উপরোক্ত কথাগুলো বলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সভাপতি উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালেক এর সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার অধিদপ্তরের(এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তরের(এলজিইডি) উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েম, উপ সহকারী প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, উপজেলা আ’লীগের উপদেষ্টা মোঃ আকমাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলিমুজ্জামান অলক, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ সাহারুল হক সাচ্চু, আওয়ামীলীগ নেতা মোঃ আমজাদ হোসেন, মোঃ আব্দুল কাদের প্রমুখ।