শিশুসাহিত্যিক-ছড়াকার নূর আলম গন্ধীর শিশু-কিশোর ছড়াগ্রন্থের একটি “ঘর পালানো মন”। যা গত সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘কিডজ কারাভান’ ঢাকা হতে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য যে, বইটি কিডজ কারাভান শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০২৩-এ কিশোর উপযোগী ছড়া-কবিতা বিভাগে পাণ্ডুলিপি বিজয়ী। বইটিতে কিশোর উপযোগী ছোট বড় মোট ২০ টি ছড়া রয়েছে। বইটির চমৎকার প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শাহীনুর আলম শাহীন।
বইটি প্রসঙ্গে লেখক নূর আলম গন্ধী বলেন, “সাহিত্য চর্চায় পুরস্কার প্রাপ্তি বড়ই আনন্দের তাছাড়া এ পাণ্ডুলিপি পুরস্কার আগামী দিনে লেখালেখিতে আমাকে আরো বেশি প্রেরণা যোগাবে।” তিনি আরো বলেন, “আমরা মনে প্রাণে বিশ্বাস করি শুদ্ধ সাহিত্য চর্চায় ছড়া যুগ যুগ ধরে বিশেষ অবদান রেখে চলছে এবং সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় মাধ্যম হিসেবে নন্দিত হয়ে আসছে। এরই মাঝে শিশু-কিশোর ছড়া শিশু-কিশোরদের মন ও মননের বিকাশে এবং তাদের বেড়ে ওঠার প্রেক্ষিত বিবেচনায় অতীব গুরুত্বপূর্ণ। নিপূণ শব্দের ছন্দময় ঝংকারে ও দোলার মাঝে শিশুরা খুঁজে পায় তাদের মনের স্বপ্নময় প্রতিচ্ছবি, আনন্দ-উল্লাস এবং কল্পনার এক অনন্য সুধা।
আমরা জানি আজকের শিশু আগামীর সম্ভাবনা ও ভবিষ্যৎ। শিশুদের মন মননের বিকাশে আমাদের হতে হবে অতি যতœবান। তবেই তারা পাবে সুস্থ সুন্দর পরিবেশ ও হাসি আনন্দের মাঝে উত্তম রূপে বেড়ে উঠার সুযোগ। শিশুসাহিত্য বহুকাল ধরে শিশু মনের বিকাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এটা এক দিকে যেমন সুখকর অন্যদিকে তেমনই গৌরবের। যার ধারাবাহিকতায় শিশু সাহিত্যের এক ক্ষুদ্র প্রয়াস হিসেবে প্রকাশিত আমার ছড়ার বই “ঘর পালানো মন”। আশাকরি বইটি শিশু-কিশোর মনের তৃষ্ণা নিবারণে সহায়ক হবে।