পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন সিলেটে শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমনকি সিলেটের রাজনৈতিক মাঠ ছিলো বিএনপি-জামায়াত নেতাকর্মী শূন্য।
সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশাসহ স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। এমনকি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও স্বল্পসংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। চলেছে আন্তঃ উপজেলার সকল গণপরিবহন। তবে যাত্রী কম থাকায় পরিবহনের সংখ্যাও ছিল কম। অন্যদিকে গণপরিবহন কম থাকায় অনেক জায়গায় ভোগান্তিতে পড়তে দেখা গেছে জরুরি কাজে চলাচলকারী সাধারণ মানুষদের। তবে অবরোধের সকাল থেকে সড়ক মহাসড়কে জরুরি পণ্যবাহী যানবাহন চলাচল করছে।
এদিকে সকাল থেকে নগরীতে অবরোধের কোন প্রভাব পড়তে দেখা যায়নি। স্বাভাবিক ছিল যান চলাচল। বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট দেখা গেছে। এছাড়া স্বাভাবিক দিনের মতো খুলেছে ব্যবসাপ্রতিষ্ঠানও।