নওগাঁর রাণীনগরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সুজন চন্দ্র ভৌমিক (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়।
মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টায় উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কে সোনাকানিয়া ব্রীজ সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের ড্রাইভার পলাতক থাকায় পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত সুজন উপজেলার বড়গোছা ইউনিয়নের কাটরাশাইন গ্রামের রবীন্দ্রনাথ ভৌমিকের ছেলে।
মঙ্গলবার দিন দুপুরের পর সুজন রাণীনগর উপজেলা সদর থেকে আবাদপুকুর সড়ক হয়ে মোটরসাইকেল নিয়ে তার নিজ বাড়িতে যাচ্ছিলেন। সোনাকানিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই সুজন মারা যায়। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানিয়েছেন।