ময়মনসিংহের নান্দাইল কলেজ ছাত্র নওশাদ আহমেদ বাপ্পি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারি) দুপুর দুই ঘটিকায় ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সরকারী শহীদস্মৃতি আদর্শ কলেজ গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নান্দাইল পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম, নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরীফ হোসেন ও ছাত্র সমাজের শতশত শিক্ষার্থী ও সাধারণ জনগণক এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তারা বাপ্পি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা ও তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন। এর আগে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হত্যাকারীদের ফাঁসি দাবিতে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি নান্দাইল নতুন বাজার কলেজ গেইট থেকে শুরু করে পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেইটে এসে শেষ হয়। প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনের সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
উল্লেখ্য, গত সোমবার (৩০ জানুয়ারি) রাত ১০ টার দিকে নান্দাইলে কলেজ গেইটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তরা উপজেলার ঘুষপালা সরকার বাড়ির মৃত্যু আছির উদ্দিনের পুত্র নওশাদ আহমেদ বাপ্পির (১৭) উপর হামলা করে। পরে বাপ্পি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে মৃত্যু বরণ করেন।