খাগড়াছড়ির রামগড়ে বিজিবি জোন কমান্ডার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার নির্ধারিত সময় শেষে গোল শূন্য থাকায় ট্রাইবেকারে ফ্রেন্ডস ক্লাব একাদশ চা বাগান কে ৪ – ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রহমতপুর সেতু নির্মাণ ক্লাব একতা সংঘ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কৃত করেন রামগড় বিজিবি জোন ও ৪৩ ব্যাটালয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কার্বারী, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান, ৪৩ বিজিবির সহকারি পরিচালক রাজু আহমেদ সহ প্রমুখ।
এর আগে গত ৩১ অক্টোবর একই মাঠে রামগড় বাজার একাদশ ও ফটিকছড়ির ইসলামপুর যুব সংঘের অংশগ্রহণে খেলার উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ব্যাটালিয়ন আওতাধীন এলাকার ১২টি দল অংশগ্রহন করে।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন জাতীয় দলের সহকারী রেফারী শুভ ভৌমিক ও সহকারী রেফারী ডেবিড চাকমা এবং মো: জাহিদ হাসান।